ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫ — ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টার পর থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এতে করে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং জনদুর্ভোগও বাড়ে।
এই আন্দোলনে অংশ নিচ্ছেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ' ব্যানারে তারা এ কর্মসূচি চালাচ্ছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, তারা এর আগেও বিভিন্ন সময় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের দাবি নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন।
শিক্ষার্থীরা বলেছেন, “আমরা কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে আন্দোলনে নেমেছি। কেউ আমাদের কথা না শুনলে আন্দোলন আরও কঠোর হবে।”
শিক্ষার্থীদের দাবিগুলো মূলত কারিগরি শিক্ষা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা ও বৈষম্যের বিরুদ্ধে। তাদের উত্থাপিত ছয় দফা দাবির মূল বিষয়বস্তু নিম্নরূপ:
হাইকোর্টের রায়ের মাধ্যমে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে।
বিতর্কিত নিয়োগ সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে।
২০২১ সালে রাতে গোপনে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।
নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
যেকোনো বয়সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বাতিল করতে হবে।
উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি কারিকুলাম প্রণয়ন করতে হবে।
একাডেমিক কার্যক্রম ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে রূপান্তরের দাবি।
উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের জন্য সংরক্ষিত সুযোগ থাকা সত্ত্বেও নিচু পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে।
এমন নিয়োগের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
কারিগরি শিক্ষাব্যবস্থার নেতৃত্বে সাধারণ শিক্ষা ব্যাকগ্রাউন্ডের জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে।
বোর্ড চেয়ারম্যান, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সব পদের জন্য কারিগরি শিক্ষিত ব্যক্তিদেরই নিয়োগ দিতে হবে।
সব শূন্যপদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
‘কারিগরি ও উচ্চশিক্ষা’ নামে পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।
কারিগরি শিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন জরুরি।
পলিটেকনিক ও মনোটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি।
নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস চালু করে DUET-এর অধীনে আগামী সেশন থেকে ভর্তি চালু করতে হবে।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তেজগাঁও, ফার্মগেট, মহাখালী, কারওয়ান বাজার, বিজয় সরণি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কর্মজীবী মানুষ, রোগী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েন।
একজন বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল থেকে অফিসে যেতে পারিনি। আন্দোলন ন্যায্য হলেও এমনভাবে রাস্তায় বসে পড়া জনভোগান্তি বাড়াচ্ছে।”
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা জানান, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতির দিকে না যায়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।”
অন্যদিকে শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দাবি পূরণ না হলে আন্দোলনের ধরন আরও বিস্তৃত ও কৌশলী হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কারিগরি শিক্ষার মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষায় আমরা প্রয়োজনে জাতীয় পর্যায়ের অবরোধে যাব।”
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |